উচ্চশিক্ষার গন্তব্য হিসেবে অস্ট্রেলিয়ার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যেও অস্ট্রেলিয়ায় পড়াশোনার আগ্রহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষার সুযোগ আরও সুস্পষ্ট করে তুলতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে দেশের সবচেয়ে বড় অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করে এডুকেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড।
এডুকেশন এক্সপোতে অংশ নেয় অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় ৩০টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে বিশ্বখ্যাত মোনাশ ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি ইউনিভার্সিটি, অ্যাডিলেইড ইউনিভার্সিটিসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা শিক্ষার্থীদের সামনে তাদের বিভিন্ন কোর্স, স্কলারশিপ সুবিধা ও ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ার সম্ভাবনা তুলে ধরেন।
সকালে এক্সপোর উদ্বোধন করেন এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাব্বানী হোসাইন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিনসহ অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
এক্সপোতে আগত শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে স্কলারশিপের সুযোগ সম্পর্কে বিস্তারিত জানতে পারেন এবং অনেক ক্ষেত্রে তাৎক্ষণিক ভর্তি বা অন-স্পট অ্যাডমিশনের সুযোগও পান। আয়োজকরা জানান, আগ্রহী শিক্ষার্থীরা এক্সপোর পরবর্তী সময়েও বনানী ও ধানমন্ডিতে অবস্থিত এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোডের কার্যালয় থেকে সম্পূর্ণ বিনামূল্যে ভিসা সহায়তা ও ভর্তিসংক্রান্ত পরামর্শ নিতে পারবেন।








