নিউজ

অনেক শিক্ষার্থী শিক্ষাকে নেদারল্যান্ডসে থাকার অজুহাত হিসেবে ব্যবহার করছেন: রাষ্ট্রদূত

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও কঠোর করার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল। তিনি বলেন, অনেক আবেদনকারী প্রকৃতপক্ষে পড়াশোনার উদ্দেশ্যে নয়, বরং নেদারল্যান্ডসে অবস্থানের অজুহাত হিসেবে শিক্ষাকে ব্যবহার করার চেষ্টা করছেন।

রোববার (১৮ জানুয়ারি) রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার।

রাষ্ট্রদূত বলেন, গত কয়েক মাসে দূতাবাসে জমা পড়া আবেদনের ক্ষেত্রে একটি উদ্বেগজনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তিনি জানান, শুধু নেদারল্যান্ডস নয়, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও এমন আবেদনকারীর সংখ্যা বাড়ছে, যারা পড়াশোনার যুক্তি দেখিয়ে দেশটিতে প্রবেশ করতে চায়, কিন্তু প্রকৃতপক্ষে সেখানে পড়াশোনা করার আগ্রহ তাদের নেই। এ কারণে ভিসা যাচাই প্রক্রিয়ায় অতিরিক্ত সতর্কতা ও কঠোরতা আরোপ করা হয়েছে।

রাষ্ট্রদূত জানান, যেসব শিক্ষার্থী প্রকৃতপক্ষে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা অর্জন করেছেন এবং পড়াশোনার বিষয়ে সুস্পষ্ট প্রস্তুতি রয়েছে, তাদের ভিসা প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।