নিউজ

বাংলাদেশসহ ৩ দেশে আইইএলটিএস প্রশ্ন ফাঁস, মিলেছে প্রমাণ

যুক্তরাজ্যের ব্রিটিশ কাউন্সিল পরিচালিত আইইএলটিএস বা ইংরেজি ভাষা পরীক্ষায় প্রযুক্তিগত ত্রুটির কারণে হাজারো অভিবাসীকে ভুল ফলাফল দেওয়ার অভিযোগ উঠেছে। এ কারণে অকৃতকার্য অনেক পরীক্ষার্থীকে পাস দেখিয়ে যুক্তরাজ্যের ভিসা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশসহ ৩ দেশে আইইএলটিএস প্রশ্ন ফাঁস এর প্রমাণও মিলেছে।

ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে উঠে আসে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয়, বাধ্যতামূলক ইংরেজি ভাষা পরীক্ষায় ব্যর্থ হওয়া সত্ত্বেও ভুল মার্কিংয়ের কারণে হাজার হাজার অভিবাসীকে ভিসা দেওয়া হয়েছে। ব্রিটিশ কাউন্সিল পরিচালিত এই ভাষা পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৮০ হাজার ব্যক্তি। যার অর্থ হলো, অনেকেই ব্যর্থ হওয়া সত্ত্বেও তাদের পাস নম্বর দেওয়া হয়েছে।

চীন, বাংলাদেশ ও ভিয়েতনামে আইইএলটিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসেরও প্রমাণ মিলেছে উল্লেখ করে টেলিগ্রাফ বলছে, এর ফলে অনেক শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী এবং অভিবাসী যারা ভিসার যোগ্য ছিলেন না, তারাও যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পেয়েছেন। সেই সঙ্গে অনেক এনএইচএস কর্মী এবং ইংরেজিতে দুর্বল জ্ঞানসম্পন্ন অভিবাসীকে এমন পড়াশোনা বা কাজের জন্য ভিসা দেওয়া হয়েছে, যার জন্য তারা মোটেও উপযুক্ত ছিলেন না।

এদিকে এ তথ্য সামনে আসার পর কনজারভেটিভ পার্টি এসব অযোগ্য অভিবাসীকে চিহ্নিত করে নির্বাসিত করার দাবি জানাচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের আগস্ট থেকে ২০২৫ সালে সেপ্টেম্বর পর্যন্ত হাজার হাজার পরীক্ষার্থী এই পরীক্ষায় ভুল ফলাফল পেয়েছেন। আইইএলটিএস কর্তৃপক্ষ এর পেছনে প্রযুক্তিগত ত্রুটিকে দায়ী করেছে।

তারা বলছে, প্রযুক্তিগত ত্রুটির ফলে অল্প কিছু পরীক্ষার লিসেনিং ও রিডিং পরীক্ষার ফলাফল কিছুটা প্রভাবিত হয়েছে। আর এই ত্রুটির ফলে মাত্র ১ শতাংশ পরীক্ষা প্রভাবিত হয়েছে বলে জানানো হয়। যদিও এই সংখ্যা প্রায় ৭৮ হাজার।

উল্লেখ্য, প্রতি বছর বিশ্বব্যাপী প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মানুষ আন্তর্জাতিক ইংরেজি ভাষা পরীক্ষা ব্যবস্থা (আইইএলটিএস) এর অধীনে পরীক্ষায় বসে। যা ব্রিটিশ কাউন্সিল, কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং শিক্ষা সংস্থা আইডিপি যৌথভাবে পরিচালনা করে।

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।