অস্ট্রেলিয়ার এআই-পাওয়ার্ড এডটেক প্রতিষ্ঠান স্টাডিনেট-এর আয়োজনে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ার হায়ার এডুকেশন রোডশো-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত এই রোডশোতে শিক্ষার্থী ও অভিভাবকদের সরব উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে ম্যাককুয়ারি ইউনিভার্সিটি, ন্যাভিটাস, হোলমেস ইনস্টিটিউট, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব তাসমানিয়া, দ্য ইউনিভার্সিটি অব নিউ ক্যাসেলসহ একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সরাসরি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সুযোগ পান এবং নিজেদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনুযায়ী কোন কোর্স ও কোন বিশ্ববিদ্যালয় তাদের জন্য উপযুক্ত সে বিষয়ে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা গ্রহণ করেন।
আরও পড়ুন: বিদেশে পড়াশোনার জন্য সেরা পাঁচ দেশ
আয়োজকরা জানান, গত বছরের আয়োজনের ধারাবাহিকতায় এবারের রোডশোতেও শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ প্রত্যাশার চেয়েও বেশি ছিল। তাদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য সঠিক তথ্যভিত্তিক ও বাস্তবসম্মত সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে প্রায় ২৫ হাজার বাংলাদেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, যা নতুন শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী ও সহায়ক শিক্ষার্থী সমাজ গড়ে তুলেছে।








