নিউজ

কানাডায় উচ্চশিক্ষার পরিকল্পনা: ভর্তি আবেদনের আগে করণীয়

শক্তিশালী শিক্ষাব্যবস্থা, পড়াশোনা-পরবর্তী কাজের সুযোগ এবং তুলনামূলক সহজ অভিবাসন প্রক্রিয়ার কারণে কানাডা বর্তমানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম শীর্ষ গন্তব্য। বিশেষ করে পোস্ট-গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট (পিজিডব্লিউপি) সুবিধার আওতায় স্নাতক শেষ করার পর সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কাজের সুযোগ থাকায় দেশটিতে শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে।

ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (আইআরসিসি)-এর তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষা খাত কানাডার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভে পরিণত হয়েছে। ২০২২ সালে এই খাত দেশটির জিডিপিতে প্রায় ৩০ দশমিক ৯ বিলিয়ন কানাডা ডলার অবদান রেখেছে। যদিও সাম্প্রতিক সময়ে স্টাডি পারমিটের ওপর কিছু নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে, তবুও আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে কানাডার বিশ্ববিদ্যালয়গুলোর আবেদনযোগ্যতা অটুট রয়েছে।

তবে কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া একেক রকম এবং অনেক ক্ষেত্রে জটিল। তাই আবেদন করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় নেওয়া জরুরি।

ভর্তির যোগ্যতা বিশ্ববিদ্যালয়ভেদে আলাদা
কানাডার প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং প্রায় প্রতিটি প্রোগ্রামের নিজস্ব ভর্তির শর্ত রয়েছে। প্রদেশভেদে নীতিমালা, শিক্ষার স্তর এবং বিষয়ভিত্তিক যোগ্যতার মানদণ্ড ভিন্ন হতে পারে। ফলে নির্দিষ্ট প্রোগ্রামের শর্ত ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য সংগ্রহ
ভর্তি সংক্রান্ত তথ্য সংগ্রহের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। পাশাপাশি EduCanada, UniversityStudy.ca এবং StudyinCanada.com-এর মতো জাতীয় পর্যায়ের স্বীকৃত প্ল্যাটফর্ম থেকেও সঠিক ও হালনাগাদ তথ্য পাওয়া যায়।

ইংরেজি ভাষা দক্ষতা পরীক্ষার সঠিক নির্বাচন
ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করা কানাডার বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটি গুরুত্বপূর্ণ শর্ত। অধিকাংশ প্রতিষ্ঠান একাধিক স্বীকৃত পরীক্ষার স্কোর গ্রহণ করে। পরীক্ষার খরচ, সহজলভ্যতা, ফল প্রকাশের সময় এবং পরীক্ষার ধরন বিবেচনা করে উপযুক্ত পরীক্ষা নির্বাচন করা উচিত।

ডুয়োলিঙ্গো ইংরেজি টেস্ট (DET) বর্তমানে একটি জনপ্রিয় বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে। অনলাইনে দেওয়া যায় এমন এই পরীক্ষার ফলাফল সাধারণত ৪৮ ঘণ্টার মধ্যে পাওয়া যায় এবং পরীক্ষার ফি মাত্র ৭০ ডলার। কানাডার ৪৮০টির বেশি প্রোগ্রাম এবং U15 গ্রুপের বিশ্ববিদ্যালয়গুলোতে এই পরীক্ষার স্কোর গ্রহণযোগ্য।

আবেদনপ্রক্রিয়ার প্রস্তুতি
অ্যাডমিশন বিশেষজ্ঞদের মতে, কাঙ্ক্ষিত ভর্তি নিশ্চিত করতে অন্তত ৬ থেকে ৮ মাস আগে আবেদন প্রক্রিয়া শুরু করা উচিত। আগেভাগে পরিকল্পনা থাকলে স্টেটমেন্ট অব পারপাস (SOP) প্রস্তুত, প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ এবং ইংরেজি দক্ষতা পরীক্ষা দেওয়া তুলনামূলক সহজ হয়। পাশাপাশি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা করে SOP প্রস্তুত করা এবং প্রয়োজন অনুযায়ী সরাসরি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ রাখা আবেদনকে আরও শক্তিশালী করে।

Shares:
Show Comments (0)
মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।