অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করার পর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কাজের সুযোগ বেশ বিস্তৃত। দেশটির সরকার গ্র্যাজুয়েটদের কর্মজীবনে প্রবেশ সহজ করতে সাময়িক স্নাতক ভিসা (Temporary Graduate Visa – Subclass 485) চালু রেখেছে, যা শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে যাওয়ার একটি কার্যকর পথ।
এই ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ান শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নির্ধারিত যোগ্যতা অর্জনের পর বিদেশি শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের জন্য অস্ট্রেলিয়ায় থেকে কাজ করতে পারেন। এতে তারা পূর্ণকালীনভাবে কাজের সুযোগ পান এবং বাস্তব কর্মক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে পারেন, যা ভবিষ্যতে দীর্ঘমেয়াদি ভিসা বা স্থায়ী বসবাসের আবেদন প্রক্রিয়ায় সহায়ক হতে পারে।
আরও পড়ুনঃ কানাডায় উচ্চশিক্ষার পরিকল্পনা: ভর্তি আবেদনের আগে করণীয়
সাময়িক স্নাতক ভিসার আবেদন করতে হয় অস্ট্রেলিয়ার Department of Home Affairs পরিচালিত ImmiAccount অনলাইন পোর্টালের মাধ্যমে। আবেদন অনুমোদিত হলে গ্র্যাজুয়েটরা পূর্ণ কর্ম-অধিকার পান।
উচ্চশিক্ষা স্ট্রিমের আওতায় গ্র্যাজুয়েটরা যেকোনো খাতে, যেকোনো নিয়োগকর্তার অধীনে কাজ করতে পারেন—এক্ষেত্রে আলাদা স্পন্সরশিপের প্রয়োজন হয় না। তবে VET বা কারিগরি শিক্ষার গ্র্যাজুয়েটদের ক্ষেত্রে কাজ সাধারণত তাদের অধ্যয়নের ক্ষেত্র বা সংশ্লিষ্ট পেশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রত্যাশিত।
সব মিলিয়ে, এই ভিসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য অস্ট্রেলিয়ায় পেশাগত ভবিষ্যৎ গড়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।








