ইউরোপের দেশ ইতালিতে উচ্চশিক্ষা ও গবেষণার স্বপ্ন দেখা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে ইউনিভার্সিটি অব ব্রেসিয়ার। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রোগ্রামে ভর্তির জন্য বিশ্ববিদ্যালয়টি তাদের বিশেষ ‘স্টার’ স্কলারশিপ ঘোষণা করেছে। বাংলাদেশসহ ইউরোপীয় ইউনিয়নের মেধাবী শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ায় পড়াশোনা: সাময়িক স্নাতক ভিসায় খুলছে ক্যারিয়ারের দুয়ার
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার খরচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হবে। ২০২৬ সেশনে ইতালিতে মানসম্মত মাস্টার্স ডিগ্রি অর্জনে আগ্রহীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আধুনিক ইউরোপীয় শিক্ষাব্যবস্থায় নিজেদের ক্যারিয়ার গড়ার সুযোগ পাবেন।
এই বৃত্তির প্রধান আকর্ষণ হলো ৬ হাজার ১৩২ ইউরো (প্রায় ৮ লাখ টাকার বেশি) মূল্যের স্কলারশিপ অ্যাওয়ার্ড। পাশাপাশি নির্বাচিত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও তৃতীয় কিস্তির টিউশন ফি পরিশোধ থেকে সম্পূর্ণ অব্যাহতি পাবেন। আবাসনের জন্য ক্যাম্পাসে বিনা খরচে থাকার সুবিধা দেওয়া হবে। এছাড়া জীবনযাত্রার ব্যয় কমাতে বিশেষ ছাড়ে ক্যাটারিং বা খাবারের সুবিধাও থাকবে।








